বিদ্যালয়ের পাশের সেই মুরগির খামার বন্ধ করে দিল প্রশাসন

শরীয়তপুর সদর উপজেলার ১০৮ নং সুবচনি হাইস্কুল-সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা মুরগির খামারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
গত বৃহস্পতিবার (২৫ জুন) ‘মুরগির খামারের দুর্গন্ধে বসে ক্লাস করছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা’ শিরোনামে এশিয়া পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয় এবং এর আগে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিদ্যালয়ের একেবারে নিকটে খামারটির অবস্থান এবং সেখান থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের বিষয়টি সরেজমিনে নিশ্চিত হন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত ক্ষতি এবং পাঠদানের অনুপযোগী পরিবেশ বিবেচনায় খামারটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এ পদক্ষেপে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম বলেন, প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যালয়ের পাশের মুরগির খামারটি বন্ধ হয়েছে। এতে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে। এখন তারা স্বাচ্ছন্দ্যে পাঠদান ও পাঠগ্রহণ করতে পারছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা খামারটি পরিদর্শনে যাই। বিদ্যালয়ের খুব কাছে হওয়ায় দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ বিবেচনায় খামারটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খামারের স্থাপনাটি এখনও রয়েছে, তবে মালিক জানিয়েছেন এটি অন্য কাজে ব্যবহার করবেন। ভবিষ্যতে সেখানে পুনরায় খামার চালুর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।






