logo
Advertisement

ম্যানেজারের বিরুদ্ধে ফিলিং স্টেশনের ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ম্যানেজারের বিরুদ্ধে ফিলিং স্টেশনের ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পটুয়াখালী সদর থানার প্রধান প্রবেশপথ। ছবি: থানার ওয়েবসাইট থেকে নেওয়া

পটুয়াখালীতে রুপালি ফিলিং স্টেশনের প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক মুবদী সরোয়ার সওম পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে রুপালি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জাকির হোসেন। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও দৈনন্দিন কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তার ওপর।

গত তিন থেকে চার মাসের হিসাব পর্যালোচনা করতে গিয়ে প্রতিষ্ঠানের অর্থের হিসাবে বড় ধরনের গরমিলের বিষয়টি সামনে আসে।

হিসাব-নিকাশ করে ৪৮ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই জাকির হোসেন আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির মালিক মুবদী সরোয়ার সওমের দাবি, দীর্ঘদিনের কর্মচারী এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে জাকির হোসেনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তিনি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ তার।

সরোয়ার সওম জানান, বিষয়টি সমাধানের জন্য জাকির হোসেনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সালিশের উদ্যোগ নেওয়া হয়। সেখানে আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন জাকির। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পরিশোধ না করে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন ফিলিং স্টেশন মালিক।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।