logo

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের দাবি স্বামীর সঙ্গে অভিমান করে শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

নিহতরা হলো- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাত (৩৫) এবং তার দুই বছরের ছেলে জুনায়েদ। জান্নাত তার স্বামীর সঙ্গে টঙ্গীর তিস্তা গেট এলাকায় ভাড়া থাকতেন।

জান্নাতের নানা দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয় জান্নাতের। শনিবার সকালে জান্নাত ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিমা আক্তার পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তারা নিহত হন।

এসআই বলেন, মা-ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।