Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশি বৈঠকে সংঘর্ষ, শ্রমিকদল নেতা নিহত

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশি বৈঠকে সংঘর্ষ, শ্রমিকদল নেতা নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

Advertisement

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি সুলতানপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ বছর আগে জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। দীর্ঘদিনের ওই বিরোধ মীমাংসার জন্য সোমবার বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক করা হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলাকালে একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে আতাউল্লাহর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর আলমসহ পাঁচ থেকে ছয়জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উর রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রকিব উর রেজা।