logo
Advertisement

বরিশালে থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৮

এশিয়া পোস্ট নিউজ,বরিশাল
বরিশালে থানায় হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৮
আগৈলঝাড়া থানা। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের আগৈলঝাড়ায় গ্রেপ্তার আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে এ মামলা করেছেন।

Advertisement

এই মামলায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

ওসি জানান, হামলার ঘটনার পর থেকেই থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, থানা-হাজতে থাকা অবস্থায় রিয়াজ নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন।

রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গভীর রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এলাকায় রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। বিকেলে শতাধিক মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এ সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। গুরুতর আহত ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আহত কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া থানায় হামলা মামলার বাদী ওমর ফারুক বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মামলার আসামি রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির, বোন শারমিন আক্তারসহ গিয়াস ফকির, সবুজ ফকির, মান্নান ফকির, রিফাত ফকির, নাইম ফকির, হাবিবুর রহমান, রাজু হাওলাদার, তাহমিনা বেগম, মনোয়ারা বেগম, আসমা আক্তার, মমতাজ বেগম, ঝুমুর বেগম, নাজমা আক্তার, তানজিলা আক্তারসহ এজাহারনামীয় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শুক্রবার সকালে আসামিদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।