logo

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ঘর ও মালামাল পুড়ে ছাই

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ঘর ও মালামাল পুড়ে ছাই
মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর, আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিঁদিরপুর এলাকার মাছুয়াখালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়া।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে হঠাৎ জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কোথায় থাকব, সেই জায়গাটুকুও নেই।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পাঁচটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়েছে। এতে দুইজন আহত হয়েছেন। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।