logo

বাবার মৃত্যুর পর মিলাদের প্রস্তুতি, সেই সুযোগে শিশুকে ধর্ষণ

বাবার মৃত্যুর পর মিলাদের প্রস্তুতি, সেই সুযোগে শিশুকে ধর্ষণ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই ফরিদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের সদস্যরা যখন বাবার মৃত্যুর পর মিলাদের আয়োজন নিয়ে ব্যস্ত, তখন শিশুটিকে বাড়ির পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত রাজ্জাক বিশ্বাসকে (৪৬) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের একটি গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত রাজ্জাক বিশ্বাস রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা। শিশুটির বোনের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন থাকায় বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে রাজ্জাক শিশুটিকে বাড়ির পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটির কান্না শুনে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রাজ্জাককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এদিকে, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুমার নামাজের পর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, ফরিদপুর সদরের একটি গ্রামে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে তাকে থানায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে রাজ্জাককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।