সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে: আব্দুল খালেক

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে: আব্দুল খালেক
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। ছবি: এশিয়া পোস্ট

সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২ জুলাই) সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অসচ্ছল মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্যের বরাদ্দকৃত এডিপির অর্থায়নে পাঁচজনের মধ্যে প্যাডেল ভ্যান, ১৪ জনের মধ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও প্যাডেল ভ্যান বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এগুলো শুধু সরকারি সম্পদ হিসেবে নয়, নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে। যত্ন নিয়ে ব্যবহার করলে দীর্ঘদিন উপকার পাওয়া যাবে এবং এতে উপকারভোগীরই কল্যাণ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও মাহাবুব আলম।