Advertisement

খাল খনন শেষে ৮ লাখ টাকা ফেরত

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
খাল খনন শেষে ৮ লাখ টাকা ফেরত
শিবগঞ্জের ধাইনগর খনন করা খাল। ছবি: এশিয়া পোস্ট

খাল খনন কাজের পর উদ্বৃত্ত ৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা যায়, শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের ধানজিয়া-ভোইশগাড়া পর্যন্ত ১ দশমিক ৪৫০ কিলোমিটার দীর্ঘ খালটি দীর্ঘদিন ভরাট ও দখলে থাকার পর সরকার এটি পুনঃখননের উদ্যোগ নেয়। প্রকল্পে ৩৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্ধারিত কাজ পুরোপুরি শেষ করার পরও ৮ লাখ টাকা বেঁচে গেছে। সেই টাকা সরাসরি সরকারি তহবিলে জমা করে দেন ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি নিয়ম মেনে খালের পুনঃখনন কাজ শেষ করা হয়েছে। বৃষ্টির কারণে পাড় ভেঙে গেলে তা যেমন মেরামত করা হয়েছে, তেমনই খালের স্থায়িত্ব ও পরিবেশের কথা ভেবে দুই পাড়ে বিভিন্ন জাতের গাছের চারাও রোপণ করা হয়েছে।

শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই খালটি বর্জ্য ও পলিথিন দিয়ে ভরাট হয়ে অকেজো হয়ে পড়েছিল। সরকার এটি পুনঃখননের উদ্যোগ নেওয়ার পর আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করি। সম্প্রতি বরাদ্দের চেয়ে কম খরচে কাজ শেষ হওয়ায় সাশ্রয় হওয়া ৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার আরও ৮ থেকে ৯টি মৃতপ্রায় খালের তালিকা করা হয়েছে। সেগুলো পুনঃখননের জন্যও দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।