হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। তারা পিকআপের যাত্রী ও চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।