Advertisement

কুড়িগ্রামে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ধস

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রামে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ধস
ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীর রক্ষা বাঁধ আবারও ধসের মুখে পড়েছে। উপজেলার কাঁচকোল এলাকায় মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার দুপুরে বাঁধের প্রায় ৬০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে। একই স্থানে বারবার ধসের ঘটনায় নদী তীরবর্তী মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ভাঙন আতঙ্ক।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ধসে যাওয়া অংশে পানি উন্নয়ন বোর্ড (পাাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে। তবে স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম এলেই বাঁধের এই অংশে ধস দেখা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদি বা স্থায়ী কোনো সমাধান হয় না।

এ ছাড়া কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই নদীর স্রোত বাড়লেই একই স্থানে বারবার ধসের সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁচকোল বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা এখন তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১৬ সালে ব্রহ্মপুত্র নদের ডান তীররক্ষা প্রকল্পের আওতায় বাঁধটি নির্মাণ করা হয়। তবে ২০১৮ সাল থেকেই বাঁধের বিভিন্ন স্থানে ধস নামা শুরু হয়। এর আগে গত ১ জুলাই কাঁচকোল এলাকায় প্রায় ১০০ মিটার ব্লক পিচিং ধসে যায়। জিও ব্যাগ ফেলে তা সামাল দেওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় একই স্থানে আবারও ধস দেখা দিল।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত স্থানে ইতোমধ্যে ৪০০ জিও ব্যাগ ফেলা হয়েছে এবং আরও ১২ হাজার জিও ব্যাগের অনুমোদন পাওয়া গেছে। আগামী রোববার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি।