logo

হবিগঞ্জ সীমান্তে তেল পাচার ঠেকাতে বিজিবির নজরদারি

হবিগঞ্জ সীমান্তে তেল পাচার ঠেকাতে বিজিবির নজরদারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা ও সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় সীমান্ত এলাকায় তেল পাচারের ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে হবিগঞ্জ সীমান্ত দিয়ে তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। একইসঙ্গে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে আগাম তথ্যের ভিত্তিতে পাচারচক্রের তৎপরতা রোধ করা যায়।

এছাড়া সীমান্ত সংলগ্ন সড়কগুলোতে সন্দেহভাজন যানবাহনের ওপর কড়াকড়ি তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে পিকআপ, ট্রাক, তেলের ড্রাম বহনকারী যানবাহন এবং সন্দেহজনক পরিবহনগুলোকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সবসময়ই তৎপর রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে হবিগঞ্জ ৫৫-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় চোরাচালান চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজিবির এই বাড়তি নজরদারি।