শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) রাতে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ গ্রামবাসী ওই পল্লী চিকিৎসককে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রামবাসী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি তার দাদির জন্য পল্লী চিকিৎসক আফতাবের বাড়িতে ওষুধ আনতে যায়। সে সময় বৃষ্টি হচ্ছিল এবং বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ওই পল্লী চিকিৎসক শিশুটিকে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করে এবং তার বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে বলে জানালে পল্লী চিকিৎসক তাকে ছেড়ে দেয়।
পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিস্তারিত জানায় এবং তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হতে দেখে পরিবার। কিছুক্ষণের মধ্যেই ধর্ষণের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত গ্রামবাসী তাৎক্ষণিক ওই চিকিৎসকের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে এবং পুলিশে খবর দেয়। একই
সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ আফতাব হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
