logo

মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের একটি মোটেল কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে শহরের সেঞ্চুরি মোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বিপুল চন্দ্র বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।

পুলিশ জানায়, মোটেলের একটি কক্ষ দীর্ঘসময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে—দুপুর সোয়া ১টার দিকে এমন খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে বিপুল চন্দ্র নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সকাল ৯টার দিকে তিনি মোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ওষুধ, একটি কোমল পানীয় বোতল উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে এসব আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।