কুষ্টিয়ায় নদীতে নেমে ২ শিশু নিখোঁজ

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে গড়াই নদীর খোকসার ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু হলো ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮) ও সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন (৮)। জীবিত উদ্ধার করা দুই শিশু হলো একই এলাকায় তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) এবং সোহেলের মেয়ে সামিয়া (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গড়াই নদীতে গোসলে নামে ৪ শিশু। পরে তারা সাঁতরে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোত শিশুদের ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। এ সময় ৪ জন শিশুই পানিতে হাবুডুবু খেতে দেখে খেয়া ঘাটের ডিঙি নৌকার মাঝি আব্দুর রশিদ তাৎক্ষণিক দুই শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি ২ জনকে উদ্ধার করতে পারেননি।
এ ঘটনায় নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।
এ বিষয়ে খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, দুজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও আরও ২ জনকে পাওয়া যায়নি। খুলনা থেকে ডুবুরি এলে আবার উদ্ধারকাজ শুরু করব।