‘চার খুনের মামলার দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করা হবে’

রংপুরের আলোচিত চার খুন হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু। রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীসহ চার খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবীব দুলু বলেন, মাদকের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এ কারণেই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন হচ্ছে। কোনো কারণে মাদককে ছাড় না দিতে জিরো টলারেন্সে সরকার।
এর আগে, রোববার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিগত সময়ে বড় আন্দোলন হয়েছে। এই আন্দোলনে তিস্তা পাড়ের পাঁচ জেলার দুই কোটি মানুষ সম্পৃক্ত ছিল। সরকারের মন্ত্রী হিসেবে যোগ দেবার পর অনেকে অনেক কথা বলছেন, যে আমরা মানুষকে মুলা ঝুলিয়ে রেখেছি। আসলে বিষয়টি তা নয়, অন্তবর্তীকালীন সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো সমীক্ষা না হওয়ায় আমরা অনেক পিছিয়েছি। তবে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বসে নেই।
তিনি আরও বলেন, যেহেতু শুষ্ক মৌসুমে তিস্তায় পানি কম থাকে, আবার পার্শ্ববর্তী দেশ যদি পানি চুক্তি না করে, তাহলে শুকনা মৌসুমে পানি ধরে রাখতে নকশা তৈরিতে কাজ করছে সরকার। এজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, গত সপ্তাহেও সেই কমিটির মিটিং হয়েছে। পার্শ্ববর্তী দেশ পানি চুক্তিতে সম্মত না হলে অথবা পানি না দিলে, যাতে শুষ্ক মৌসুমেও তিস্তাসহ এর সাথে ১৬টি শাখা নদীর পানি ধরে রাখা যায়, সেইভাবেই নকশা তৈরি করে কাজ করা হবে। আর এ কাজটি করতে একটু সময় লাগছে।
অনুষ্ঠানে আই ই টি রংপুরের পরিচালক নাজমুল আলম নাজুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।


