logo

টিকিট কেটেও ফেরা হলো না নিজভূমে

টিকিট কেটেও ফেরা হলো না নিজভূমে

কনে পছন্দ করেছে পরিবার। বিয়ের কথাবার্তা চূড়ান্ত। বাড়িতে প্রস্তুতি চলছে। দেশে ফিরতে টিকিট কেটেছেন গিয়াস হাওলাদার। কিন্তু সবকিছুই থমকে গেল।

বুধবার (১৫ এপ্রিল) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে গিয়াস হাওলাদারের প্রাণ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামে গিয়াসের বাড়িতে দেখা যায় পরিবারের সদস্যদের আহাজারি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দেশে এনে দাফনের জন্য কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

পরিবার জানায়, বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কুয়ালালামপুর শহরে দুর্ঘটনায় নিহত হন গিয়াস হাওলাদার। রাত ৮টার দিকে মৃত্যুর সংবাদ পরিবার জানতে পায়। নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে আহত হন তিনি। স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই হাশেম হাওলাদার বলেন, আমার ভাই ১০ বছর আগে মালয়েশিয়া গিয়েছিল। সেখানে সে একটি বস্ত্র কারখানা দিয়েছে। মাঝে-মাঝে সে দেশে আসত। তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। বিমানের টিকিটও কেটেছিল। সে আমাদের ছেড়ে চলে গেছে।

গিয়াস হাওলাদারের সঙ্গে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়া সুমি আক্তার বলেন, দুই দিন আগে তার সঙ্গে রাতে আমার কথা হয়েছিল। সে এসে আমাকে নিয়ে ঘুরতে যাবে বলেছিল। কিন্তু সে ঘোরা আর হলো না। 

নিহতের ভগ্নিপতি আবুল কালাম বলেন, সরকারের কাছে দাবি তার লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।