কাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল দুই পোশাক শ্রমিকের

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী পথচারী।
রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে বালুছড়া ভিজ্যুয়াল গার্মেন্টসের সামনে হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বালুছড়া এলাকার বাসিন্দা ও ভিজ্যুয়াল গার্মেন্টসের কর্মী অরুণ দাশ এবং রয়েল টেক্সটাইল গার্মেন্টসের কর্মী আজিজুল হক জিপসি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় অরুণ দাশ ও আজিজুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অরুণকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আজিজুলকে নগরীর রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। আহত নারী পথচারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) শাহদাত হোসেন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক বাসটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



