বাবার রাখা ডিজেলের ড্রামে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে ড্রামে রাখা ডিজেলে ডুবে আরাফ মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে ডিজেলভর্তি ড্রামে ডুবে যায় শিশুটি। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরাফ গ্রামের বাবু মিয়ার ছেলে। শিশুটির বাবা বাবু মিয়াই ওই ড্রামে ডিজেল রেখেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু মিয়ার ট্রাকের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় ট্যাংকিতে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়। তবে ড্রামটির মুখ খোলা ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের অগোচরে খেলতে গিয়ে আরাফ ওই ড্রামের ভেতরে পড়ে যায়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান বলেন, মঙ্গলবারের ওই দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।