কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে এলো ইয়াবার পার্সেল

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে কুরিয়ার সার্ভিসে আসা একটি পার্সেল থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধারের পর এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজ প্রশাসনের সহায়তায় দোলনচাঁপা ছাত্রীনিবাস থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফা আক্তার (২০) কলেজের স্নাতক (সমমান) গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি দোলনচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবরপাড়ায়। তিনি ওই এলাকার লিয়াকত আলীর মেয়ে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর শরিফা ছাত্রীনিবাস থেকে বাড়িতে চলে যান। পরদিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি পার্সেল ছাত্রীনিবাসে আসে। শরিফার অনুরোধে অন্য এক ছাত্রী পার্সেলটি গ্রহণ করে তার কক্ষের খাটের নিচে রেখে দেন।
পরে কক্ষ তদারকির সময় পার্সেলটি হোস্টেলের মেট্রনের সন্দেহজনক মনে হয়। বিষয়টি তিনি ছাত্রীনিবাসের সুপারকে জানান। এর মধ্যে শরিফা ছাত্রীনিবাসে ফিরে এলে তাঁকে পার্সেলটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার উপস্থিতিতে পার্সেলটি খুলে দেখা হলে ভেতরে ইয়াবা থাকার বিষয়টি সন্দেহ হয়। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওহিদুল ইসলাম বলেন, পার্সেলটি শরিফার খাটের নিচে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে শরিফা প্রথমে দাবি করেন, তার এক আত্মীয় পার্সেলটি সেখানে রাখতে দিয়েছিলেন। তবে এর সঙ্গে কারা জড়িত, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার পার্সেলটি ছাত্রীনিবাসে পাঠানো হয়েছিল। পরে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ওই ছাত্রীকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ছাত্রী এর আগেও কয়েকবার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
