logo

ক্ষমতায় গেলে তাঁত পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে চাই : তারেক রহমান

ক্ষমতায় গেলে তাঁত পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে চাই : তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে তাঁত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ ও পাবনার এলাকা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্পের উৎপাদিত পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে পারব।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে— কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।

তিনি বলেন, ‘আমরা যদি তাঁতের কথা বলি, আমরা যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ-পাবনা এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু এই তাঁত শিল্প সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্পে উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব।

বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ তার ওপরই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করে, যার ওপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার ওপরেই ভরসা করে, যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এসব গুণ একমাত্র বিএনপির ভেতরেই আছে।

তারেক রহমান বলেন, আজকে যদি আমাদেরকে দেশ গড়তে হয়, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, একটি গোষ্ঠী আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন ‘গুপ্ত তোমরা’। কারণ, গত ১৬ বছর তাদেরকে আমরা দেখিনি। তারা তাদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গেছে। 

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে আজ সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। সভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সংসদীয় আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তিনি। বিকেল ৪টায় জনসভা শেষ করে বিএনপির চেয়ারম্যান টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন।