কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে তিন দাবিতে পরীক্ষার্থীদের অবস্থান

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে তিন দাবিতে পরীক্ষার্থীদের অবস্থান
কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে পরীক্ষার্থীদের অবস্থান। ছবি : এশিয়া পোস্ট

চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা গ্রহণে চরম ভোগান্তির প্রতিবাদে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ শুরু করে বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া ও শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি ও শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এবং আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা তাদের শান্ত করার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে সংহতি জানিয়ে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, ‘সোমবার অনেক শিক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছে। তাদের এই অবর্ণনীয় কষ্ট কেউ দেখেনি। শিক্ষার্থীদের এমন যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমি এখানে এসেছি।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সোমবারের পরীক্ষা অনেকেরই ভালো হয়নি। এই ফলাফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জোর দাবি জানাচ্ছি।’

এর আগে, সোমবার কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে বহু শিক্ষার্থীকে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজপথে নেমে আসেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

বিষয় :কুমিল্লা