Advertisement

পঞ্চগড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, নেই অতিরিক্ত লোডশেডিং

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
পঞ্চগড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, নেই অতিরিক্ত লোডশেডিং
পঞ্চগড় জোনাল অফিস। ছবি : এশিয়া পোস্ট

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ সরবরাহ। চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়ায় দেশের অন্যান্য জেলার মতো এখানে অতিরিক্ত লোডশেডিংয়ের ভোগান্তি নেই। জেলাটিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পিইবি) বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

Advertisement

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অবস্থিত ৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ায় জেলায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

নেসকো সূত্রে জানা গেছে, জেলায় দৈনিক পিক আওয়ারে ২৫ দশমিক ২ মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে ২৩ থেকে ২৪ মেগাওয়াট। আর অফ-পিক আওয়ারে ১৪ দশমিক ২ মেগাওয়াট চাহিদার পুরোটাই সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পল্লী বিদ্যুৎ) দৈনিক পিক আওয়ারে ৪৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪১ মেগাওয়াট। অফ-পিক আওয়ারে ২৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে ২৫ থেকে ২৬ মেগাওয়াট।

স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এ ধারা বজায় রাখতে সরকারের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পঞ্চগড় শহরের লন্ড্রি ব্যবসায়ী আইবুল ইসলাম বলেন, পঞ্চগড়ে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক। আমরা সময়মতো গ্রাহকের কাপড় ইস্ত্রি করতে পারছি। দেশের অন্য জেলার মতো আমাদের এখানে লোডশেডিং না থাকায় আমরা শান্তিতে কাজ করে খেতে পারছি।

জেলা শহরের বাসিন্দা আজহারুল ইসলাম জুয়েল বলেন, দিনে ২০ থেকে ২১ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে বাকি অল্প কিছু সময় বিদ্যুৎ না থাকাটা স্বাভাবিক। বিশেষ করে ৮ মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট পঞ্চগড়বাসীকে বড় স্বস্তি দিচ্ছে। সরকার যদি এখানে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলে, তবে জেলাবাসী আরও বেশি উপকৃত হবে।

নেসকো পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৮ মেগাওয়াট সোলার পাওয়ার সিস্টেম জেলাবাসীকে অনেকটা স্বস্তি দিচ্ছে। সম্প্রতি তীব্র গরমের সময় সোলার প্ল্যান্ট থেকে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো গেলে এই খাত থেকেই জেলার মোট চাহিদা মেটানো সম্ভব হবে।

পঞ্চগড় পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, জাতীয় গ্রিড থেকে আমরা যে পরিমাণ বরাদ্দ পাই, তা সুষমভাবে গ্রাহকদের মাঝে সরবরাহ করছি। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বরাদ্দ পাওয়ায় উল্লেখযোগ্য কোনো লোডশেডিং নেই। সামনে শীতের মৌসুম আসছে, আশা করছি তখন লোডশেডিং একেবারেই থাকবে না এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।