ছোট ভাইকে বহিষ্কারের দাবি জানালেন বিএনপির সংসদ সদস্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাচাতো ছোট ভাইকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করারও অভিযোগ তোলেন।
তার চাচাতো ভাইয়ের নাম জাহাঙ্গীর আলম। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য ছোট ভাই জাহাঙ্গীর আলমের বিতর্কিত ভূমিকা উল্লেখ করে তীব্র সমালোচনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে, তাদের আমরা বরদাশত করব না।’
ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে এই সংসদ সদস্য বলেন, ‘যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনও প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না।’
জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি। একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনও জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত।’
নির্বাচনি এলাকার কিছু নেতাকর্মী তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাঁটানো এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়।’
আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে চায় এবং চক্রান্ত করতে চায়, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।’
সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র কখনোই করতে দেওয়া হবে না। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ অবহেলিত হচ্ছে। কখনোই বরবাদ করা হবে না। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, এমনি আমরা রাজপথে ছিলাম। সেভাবেই এই ষড়যন্ত্রকারীকে সরিয়ে দেওয়া হবে।


