logo

নদীপথে ৪ হাজার লিটার তেল পাচারের চেষ্টা

নদীপথে ৪ হাজার লিটার তেল পাচারের চেষ্টা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধভাবে প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল ড্রামে ভরে যমুনা নদী দিয়ে নৌকার মাধ্যমে পাচার করার সময় স্থানীয়রা জব্দ করেছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার গোবিন্দাসী কালা সড়ক-সংলগ্ন যমুনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

সেখানে একটি ট্যাংকলরি থেকে তেল ড্রামে ভরে নৌকায় তোলা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তেলসহ লরিটি জব্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদীপথ ব্যবহার করে এ ধরনের অবৈধ তেল সরবরাহ ও মজুতের চেষ্টা চলে আসছে।

ইউএনও মাহবুব হাসান জানান, জব্দ করা তেল চরাঞ্চলের কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।