logo

এক হাজার টাকায় ‘বদলি’ গেটম্যান, ১২ প্রাণের দায় কার?

এক হাজার টাকায় ‘বদলি’ গেটম্যান, ১২ প্রাণের দায় কার?

কুমিল্লার পদুয়া বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

বুধবার (২৫ মার্চ) সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কাওসার আলম (২০) দিনাজপুর জেলার আবদুস সালামের ছেলে। এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি হেলাল উদ্দীনকে কুমিল্লার শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার হেলাল উদ্দীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ঈদের দিন দায়িত্বপ্রাপ্ত গেটম্যান হেলাল উদ্দীন ও ওয়েম্যান মেহেদী হাসান দায়িত্ব পালন না করে এক হাজার টাকার বিনিময়ে বদলি হিসেবে কাওসার আলম ও স্থায়ী গেটম্যান নাজমুলকে দায়িত্ব দেন। তবে ওই দিন তাদের কারও ডিউটি ছিল না।

ওসি জসীমউদ্দিন বলেন, দুর্ঘটনার রাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের কক্ষে অবস্থান করলেও রাত পৌনে তিনটার দিকে ঢাকা মেইল ট্রেন আসার আগে গেট বন্ধ করেননি কাওসার ও নাজমুল। কেন গেট বন্ধ করা হয়নি, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, গেটম্যানদের কক্ষে মাদক সংশ্লিষ্টতা ছিল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে আগের স্টেশন থেকে সিগন্যাল পাওয়া হয়েছিল কি না, তাও তদন্তাধীন। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান এখন পলাতক রয়েছেন।

এর আগে, সোমবার লাকসাম রেলওয়ে থানায় আহত বাসযাত্রী শেফালী আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় গেটম্যান হেলাল উদ্দীন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করা হয়।

গত শনিবার রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন আরও আটজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় গেট বন্ধ ছিল না। ফলে বাসটি রেললাইনে উঠে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনার পর পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের দায়িত্বরত দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।