শেখ হাসিনাকে নিয়ে টিকটকে প্রচারণা চালিয়ে নারী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের অভিযোগে বগুড়া থেকে সীমা মিত্র (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংহখালী গ্রামের শরৎ মিত্রের মেয়ে।
পুলিশ জানায়, তিনি বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। রাহুল গাজী প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে প্রচার করছিলেন সীমা মিত্র। সীমা তার ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করে আসছিলেন।
বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।



