সাঙ্গু নদীতে স্রোতের তোড়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বান্দরবানে সাঙ্গু নদীতে পানির পাম্পের পাইপ তুলতে গিয়ে স্রোতের তোড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর নুরুল আলম নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে সাঙ্গু নদীর লাল মিয়ার চর সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত নুরুল আলম বান্দরবান বাজারের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি তোলার কাজে ব্যবহৃত পাম্পের পাইপ তুলতে নদীতে নামেন শ্রমিক নুরুল আলম। এ সময় প্রবল স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
নুরুল আলমের ছেলে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালান। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে স্থানীয়রা সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি স্বজনদের জানানো হলে তারা নৌকা নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্রোতে ভেসে আসা মরদেহটি লাল মিয়ার চর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহটি নিখোঁজ শ্রমিক নুরুল আলমের বলে শনাক্ত করেন স্বজনরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, নিখোঁজ শ্রমিক নুরুল আলমের মরদেহ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। গত মঙ্গলবার তিনি সাঙ্গু নদীতে নিখোঁজ হয়েছিলেন।
