অনলাইন জুয়া খেলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাশ এলাকার কালিমন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জহিরুল ইসলাম (৩০) শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিয়াপাড়া এলাকার হেলাল বেপারীর ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে জহিরুল ইসলাম প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।


