প্রেম নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কোর্ট বাজারে প্রেমঘটিত বিরোধ মীমাংসায় একটি সালিশি বৈঠকে আনিসুর রহমান ওরফে বেহুদোলা (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দিবাগত রাতে সালিশি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভা দেওয়ান জাইগির মহল্লার মৃত জাফর মিস্ত্রির ছেলে। এ ঘটনায় আরও ৩-৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রেমঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ মেটাতে স্থানীয়ভাবে এই সালিশি বৈঠকের আয়োজন করা হয়। আলোচনার এক পর্যায়ে ছেলে পক্ষের লোকজন হঠাৎ উত্তেজিত হয়ে বৃদ্ধ আনিসুর রহমানকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত ও লাঠিপেটা করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত অন্যদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে আয়োজিত সালিশি বৈঠকে উত্তেজনার একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।