logo

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটকের পর পুলিশি গাড়িতে তোলার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন ও বিরক্তিকর আচরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেন। বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে চড়াও হন এবং অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে আটক করা হয় অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেনকে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে শিক্ষকের সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই আপত্তিকর আচরণ করে আসছিল শিক্ষক এনামুল। আজ দুপুরে আবারও একই কাণ্ড ঘটালে আমার মেয়ে বিষয়টি আমাকে জানায়। পরে আমরা গ্রামের লোকজন স্কুলে গিয়ে ওই শিক্ষকের কাছে এ বিষয়ে কৈফিয়ত চাই। একপর্যায়ে সেখানে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে আটকের সময় অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেন নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, আমি তাকে আদর করি। তবে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আটক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।