মিশুক চালককে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারী সদস্য হাতেনাতে আটক

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় অটো ও মিশুক ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। আপি বেগম (২৬) নামে ওই নারী ছিনতাইকারী উপজেলার আলীপুর নয়ারহাট গ্রামের মো. লোকমান হোসেনের স্ত্রী।
চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিশুক ভ্যানটি ছিনতাই করে পালানোর সময় ওই নারীকে আটক করা হয়। এ ঘটনায় গুরুতর আহত মিশুক চালক মো. আক্তার হোসেন (৩৮) কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিশুক চালক আক্তার হোসেন রোববার সন্ধ্যায় বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা বাজার থেকে আটককৃত নারীসহ তিন যাত্রীকে নিয়ে বালারহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েরমারী গ্রামের উল্লাগাড়ী পাথারের বটগাছের নিচে যেতেই ছিনতাইকারীরা চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। চালক প্রতিরোধ গড়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তার মাথা, ঘাড় ও বাম হাতের আঙুলে আঘাত করে। এ সময় আক্তারের চিৎকারে স্থানীয়রা এসে ধাওয়া করে ছিনতাই হওয়া গাড়িটিসহ আপি বেগমকে হাতেনাতে আটক করে। তবে তার অপর দুই সহযোগী মো. আশরাফুল ইসলাম (৩৩) ও মো. রিয়াদ (২৩) পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, আটককৃত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।
