দিনাজপুরে ঘুষ নেওয়ার সময় ভূমি অফিসের তহশিলদারসহ আটক ৩

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়ের নামে ঘুষ নেওয়ার সময় তহশিলদার, অফিস সহকারী ও এক দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদরের শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মাহমুদ হাসান, অফিস সহকারী শাহজাহান আলী এবং দালাল আব্দুর রহিম।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় গ্রামের শরিফ উদ্দিনের ৮০ শতক জমির ভূমি উন্নয়ন কর বাবদ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধের জন্য তহশিলদার মাহমুদ হাসানের স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী সম্পত্তি নিলামের মাধ্যমে সরকারি খাস দখলে নেওয়ার কথা উল্লেখ করা হয়।
ওই নোটিশ পাওয়ার পর শরিফ উদ্দিনের মেয়ে সুরাইয়া আক্তার সোমবার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। অভিযোগ রয়েছে, এ সময় তহশিলদার মাহমুদ হাসান তার কাছ থেকে ৭ হাজার টাকা নেন এবং বাকি ১২ হাজার ৭২০ টাকা দেওয়ার জন্য চাপ দেন।
সুরাইয়া আক্তারকে দেওয়া রশিদে ভূমি উন্নয়ন কর বাবদ মাত্র ৭৩৮ টাকা উল্লেখ থাকায় তার সন্দেহ হয়। বিষয়টি নিয়ে তিনি চিৎকার শুরু করলে ভূমি অফিসে থাকা অন্য সেবাগ্রহীতা ও স্থানীয়রা এগিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয়রা তহশিলদার মাহমুদ হাসান, তার সহযোগী হিসেবে অভিযুক্ত অফিস সহকারী শাহজাহান আলী এবং কথিত দালাল আব্দুর রহিমকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোসাদ্দেক হোসেন বলেন, শরিফ উদ্দিনের জমির জন্য ১৯ হাজার ৭২০ টাকা ভূমি উন্নয়ন করের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ৭ হাজার টাকা নেওয়ার পর মাত্র ৭৩৮ টাকার রশিদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, অফিস সহকারী ও একজন দালালকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



