logo

উত্তরায় প্রাইভেটকার থেকে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরায় প্রাইভেটকার থেকে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ঝটিকা অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ম্যাগাজিন, গুলি ও হেরোইনসহ সাইফুল ইসলাম পলাশ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

উত্তরার কসাইবাড়ি রেলগেটসংলগ্ন এলাকা থেকে রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারি হলেন, মাদারীপুরের সদর উপজেলার সেকেন্দার মাতব্বরের ছেলে সাইফুল ইসলাম পলাশ।

এ বিষয়ে র‍্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার  মো. শহীদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে কসাইবাড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে আমরা একটি প্রাইভেটকার থেকে সাইফুল ওরফে পলাশ নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করি। সেই সাথে একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করি।'

তিনি বলেন, 'এ ঘটনায় মাদক ও গুলি পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-৩৫-৫৩০৯ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।'

গুলি ও মাদক উদ্ধারের ঘটনায় উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা শহীদুল।