logo

কবর খুঁড়তেই বেরিয়ে এলো রহস্যময় পাথর

কবর খুঁড়তেই বেরিয়ে এলো রহস্যময় পাথর
কবর থেকে পাথরটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীর বাগমারা উপজেলায় কবর খননের সময় একটি রহস্যময় পাথর পাওয়া গেছে। মাটির প্রায় তিন ফুট গভীর থেকে ৬ দশমিক ৭ কেজি ওজনের ওই পাথরটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, এটি কষ্টিপাথর হতে পারে। পরে খবর পেয়ে পাথরটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাথার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী মৃত মুকি বিবির দাফনের জন্য কবর খনন করা হচ্ছিল। এ সময় মাটির প্রায় তিন ফুট গভীরে কোদালের আঘাতে শক্ত কোনো বস্তুতে আঘাত লাগে। পরে মাটি সরিয়ে সেটি বের করে আনা হয়। পাথরটি দেখতে কালচে হওয়ায় স্থানীয়দের কেউ কেউ এটিকে কষ্টিপাথর বলে ধারণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করেন। পাথরটির ওজন প্রায় ৬ দশমিক ৭ কেজি বলে জানা গেছে।

গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগিতায় পুলিশ পাথরটি নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, পাথরটির ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক কোনো গুরুত্ব থাকতে পারে। তবে এটি আদৌ কষ্টিপাথর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য পাথরটি পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ডিএম জহিরুল ইসলাম বলেন, কবর খননের সময় পাওয়া পাথরটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এটি কী ধরনের পাথর, তা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।