বাঘারপাড়ায় ১০ গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি শক্তিশালী গ্রেনেড ও তিনটি বিদেশি পিস্তল।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার জন্যই এই অস্ত্রভান্ডার গড়ে তোলা হয়েছিল।
জানা গেছে, যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় ১০টি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল, ১৯ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি খুর উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।