Advertisement

কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝালমুড়ি বিক্রেতা

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িয়ে পাওয়া ৩৭ হাজার টাকা ফিরিয়ে দিলেন ঝালমুড়ি বিক্রেতা
কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন ঝালমুড়ি বিক্রেতা। ছবি: এশিয়া পোস্ট

অভাব-অনটনের সংসার, জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রি করেই চলে জীবনসংগ্রাম। চরম দারিদ্র্যও স্পর্শ করতে পারেনি তার নীতি ও নৈতিকতাকে। সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝালমুড়ি বিক্রেতা জয়নাল আবেদীন (৪৪)। কুড়িয়ে পাওয়া নগদ ৩৭ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে তিনি কুড়িয়েছেন সর্বস্তরের মানুষের প্রশংসা।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় রৌমারী-ঢাকা মহাসড়কের কর্তিমারী বাজার এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পান জয়নাল। সন্দেহ হলে ব্যাগটি খুলে ভেতরে নগদ ৩৭ হাজার টাকা দেখতে পান। লোভে না পড়ে টাকাগুলো প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তিনি।

টাকার মালিকের সন্ধান পেতে স্থানীয় সংবাদকর্মী আনিছের সহযোগিতা নেন জয়নাল। ঘটনাটি জেনে ওই সংবাদকর্মী তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। অল্প সময়ের মধ্যেই পোস্টটি টাকার প্রকৃত মালিকের স্বজনদের নজরে আসে। পরবর্তীতে জয়নালের সঙ্গে তারা যোগাযোগ করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত লোকজনের উপস্থিতিতে পুরো টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন ৯০ বছর বয়সী বৃদ্ধ আবুল হোসেন। তিনি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

জয়নালের সততার প্রশংসা করে আবুল হোসেন বলেন, টাকাটা হারিয়ে আমি একেবারেই দিশেহারা হয়ে পড়েছিলাম। সমাজে এখনও এমন সৎ মানুষ আছেন বলেই আমার কষ্টের টাকা ফেরত পেলাম।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, চরম দারিদ্র্যের মধ্যেও জয়নাল আবেদীনের এই সততা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তার এমন মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।