চট্টগ্রামে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার বরুমছড়া, রায়পুর ও হাইলধরসহ বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল বের করেন সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা। কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত ৪৮ ঘণ্টার কর্মসূচির সমর্থনে এসব মিছিল করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফোরকানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় কাচের বোতল নিক্ষেপ ও বাজারের কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আজগর, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আনিসুর রহমান আরাফাত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান।
এদিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট এবং বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকাতেও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর রাতের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নাশকতার চেষ্টার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান জানান, সাবেক ভূমিমন্ত্রীর বাড়ির আশপাশে দুই পক্ষের মধ্যে সামান্য বাদানুবাদের ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশের একটি বড় দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, অন্ধকারে আতঙ্কিত হয়ে ওই এলাকায় আটকে পড়া এক তরুণকে পুলিশ নিরাপদে উদ্ধার করেছে। রাতে অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
