logo
Advertisement

দেয়াল ভেঙে বাড়িতে ঢুকে পড়ল গ্যাসের ট্যাংকার

এশিয়া পোস্ট নিউজ, যশোর
দেয়াল ভেঙে বাড়িতে ঢুকে পড়ল গ্যাসের ট্যাংকার
গ্যাসবাহী ট্যাংকার সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। ছবি: এশিয়া পোস্ট

যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার সড়কের পাশের একটি বাড়িতে ঢুকে পড়েছে। এতে ভবনের দেয়াল ও সেখানে থাকা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক ও হেলপার আহত হলেও ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা অল্পের জন্য অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্যাংকারটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান গ্যাসবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বসতবাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে বাড়ির বাথরুমের দেয়াল ও প্রধান ভবনের কিছু অংশ ধসে পড়ে। একই সঙ্গে সেখানে পার্কিংয়ে থাকা কওসার নামের এক ব্যক্তির একটি প্রাইভেটকারও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির মালিক ও ক্ষতিগ্রস্ত পরিবার উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা সড়কটিতে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।