logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুর। ছবি: এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) ও আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, সোমবার বেলা ৩টার দিকে চার নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পুকুর থেকে উঠতে পারলেও অপর দুজন উঠতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়। মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় বলে এশিয়া পোস্টকে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।