বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, ইসিতে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও আসনটি লিখিতভাবে ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সিদ্ধান্তের পর নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠানো হয়েছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।
তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে শপথ নেবেন। সে কারণে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া হচ্ছে।
আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।
ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। বিপুল ব্যবধানে জয়ী হলেও আইনগত বাধ্যবাধকতার কারণে আসনটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমরা এখনো এ ব্যাপারে কিছু জানতে পারিনি। জানলে নির্দেশনা অনুযায়ী দল কাজ করব।