কচুরিপানার নিচে মিলল পিস্তল-গুলি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে কচুরিপানার নিচে কাদায় লুকানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে এসআরবি-৯।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর থানার শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৭ দশমিক ৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শর্টগান কার্তুজ ও একটি চায়না রাইফেলের গুলি। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, নদীর পাড়ের এক জেলের দেয়া তথ্যের ভিত্তিতে কচুরিপানার নিচে অস্ত্র লুকিয়ে রাখার বিষয়টি জানতে পারে এসআরবি। পরে ১৬ সদস্যের একটি দল অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের কেউ এসব অস্ত্র সেখানে রেখে যেতে পারে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে এসআরবি কাজ করে যাচ্ছে।
