Advertisement

দোকানে আশ্রয় নিয়েও বজ্রাঘাতে প্রাণ গেল দুজনের

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
দোকানে আশ্রয় নিয়েও বজ্রাঘাতে প্রাণ গেল দুজনের
বজ্রপাত। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টি আসায় চা দোকানে আশ্রয় নেওয়া দুই ব্যক্তি বজ্রাঘাতে মারা গেছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী ও একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায়। আহতরা হলেন, একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালে আকস্মিক দুর্ঘটনাটি ঘটে। বজ্রঘাতে দুজন নিহত ও দুজনের আহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।