logo

পাখির বাচ্চা উদ্ধার করতে গিয়ে কিশোরের মৃত্যু

পাখির বাচ্চা উদ্ধার করতে গিয়ে কিশোরের মৃত্যু
কিশোরকে নামিয়ে আনছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবারটি রাজশাহী নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করে সাজ্জাদ। সে তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে পাশের একটি বাড়ির টিন ও বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগকে খবর দেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে কিশোরকে নামিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।