শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য চলমান সংঘাতে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকালের সূচি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়া-র মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ও ২টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল হয়েছে।
তবে সব ফ্লাইটই যে বাতিল হয়েছে, তা নয়। মাস্কাট থেকে আসা সালাম এয়ার-এর OV-401 ফ্লাইট আজ সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে যাত্রী নিয়ে OV-402 ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
একইভাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব সরাসরি পড়ছে প্রবাসী ও হজ-ওমরাহ যাত্রীদের ওপর। হঠাৎ বাতিলের ঘোষণায় অনেক যাত্রীকে টিকিট রিশিডিউল, রিফান্ড কিংবা বিকল্প রুটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে।