কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তিনজন নিজ নিজ এলাকায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুর ও জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় অথবা ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, পৃথক ঘটনায় পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিনি শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে অসাবধানতা ও পর্যাপ্ত তদারকির অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
