logo

বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি
হাসপাতালে চিকিৎসাধীন কাঠমিস্ত্রি ইকবাল হোসেন ও ও তার স্ত্রী। ছবি : এশিয়া পোস্ট

শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামের কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। কিন্তু সেই শখের সাপের কামড় খেয়েই এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাপটিকে খাবার দিতে গেলে এটি তার হাতে ছোবল মারে। অসুস্থ অবস্থায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ইকবাল ভূঁইয়াকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি তিন সন্তানের (দুই মেয়ে ও এক ছেলে) জনক।

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি ছাড়াও নানা ধরনের প্রাণী পোষার শখ রয়েছে তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে একটি গোখরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর এই সাপটি বাড়িতে না রাখার জন্য রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করেই সাপটি পুষছিলেন ইকবাল।

ইকবালের ভাই ইসলাম হোসেন জানান, বাড়ির লোকজন ও স্থানীয়রাও তাকে সাপটি পুষতে নিষেধ করেছিলেন। কিন্তু শখের বশে কারও কথায় কান দেননি ইকবাল।

স্বজনেরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইকবাল বাক্স খুলে সাপটিকে খাবার দিতে যান। খাবার দেওয়ার সময় সাপটি তার ডান হাতে কামড় দেয়। ইকবালের চিৎকারে স্বজনেরা ছুটে আসেন। কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাবিন ইসতেহার জানান, হাসপাতালে নেওয়ার পরপরই ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।