logo

ছাত্রলীগের সভার ঘটনায় আসামি সাবেক চসিক মেয়র মনজুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
ছাত্রলীগের সভার ঘটনায় আসামি সাবেক চসিক মেয়র মনজুর
সাবেক চসিক মেয়র মনজুর আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে রয়েছেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী এবং উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পুলিশ জানিয়েছে, এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ-সংলগ্ন রোসাংগিরী এলাকার একটি বিশ্রামাগারে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সন্ধ্যার পর সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, যে বিশ্রামাগারটিতে সভা হয়েছে, সেটি মাইজভান্ডারি ভক্তদের জন্য নির্মিত এবং চসিকের সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।

পুলিশ জানায়, সভার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। তবে তারা পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।