ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: বন প্রতিমন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ ছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকবর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
