logo

ট্রাকচাপায় কৃষক দলের কর্মীর মৃত্যু ঘিরে রহস্য

ট্রাকচাপায় কৃষক দলের কর্মীর মৃত্যু ঘিরে রহস্য

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় কৃষক দলের এক কর্মী নিহত হওয়ার ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দলটির নেতারা দাবি করছেন, এটি সড়ক দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের ভাষ্য, নুর বক্সের তেলের দোকানের পাশের একটি গলিতে ট্রাকচাপায় গুরুতর আহত হন কামরুল ফয়সাল (৪০)। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয়ভাবে কৃষক দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার ও ঘনিষ্ঠদের দাবি, স্থানীয় জুয়েল নামের এক ব্যক্তির কাছে ফয়সালের কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা আনতেই শনিবার সন্ধ্যায় তিনি বাজারে যান। এ সময় একটি ডাম্পট্রাক তাকে চাপা দেয়। তাদের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে পূর্বশত্রুতা কাজ করেছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি জানান, ফয়সাল আমাদের দুঃসময়ের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে ডাম্পট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল জানান, গত কয়েক দিন ধরে পূর্বশত্রুতার জেরে জুয়েল নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ফয়সালকে হত্যার চেষ্টা করছিলেন। শনিবার রাতে সরকারহাট বাজারে নুর অ্যান্ড সন্স নামে একটি তেলের দোকানের গলিতে ডাম্পট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।